প্রতিবেশী দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে দেশটি ইউক্রেনে হামলা বন্ধের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপাসকু মঙ্গলবার টুইটার বার্তায় বলেছেন, ‘ইউক্রেনের বিভিন্ন নগরী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ায় মলদোভার অনেক এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেনের ওপর ফেলা প্রতিটি বোমার বিস্ফোরণে মলদোভা ও আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধ্বংসাত্মক এ যুদ্ধ এখনই বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’
এদিকে পোল্যান্ডে ইউক্রেন সীমান্তের কাছে এক গ্রামে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। শুরুতে এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে ইঙ্গিত করা হয়। তবে তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটা মিথ্যা প্রচার। রাশিয়া ওই এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র-হামলা করেনি। ফলে এর দায় নেওয়ার কোনো প্রশ্নই নেই। মস্কোর দাবি, এই প্রচার ইচ্ছে করে উসকানি দেওয়া ছাড়া আর কিছু নয়।
