সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ছোট কুমিরা বাইপাস, বাড়বকুন্ড বাজার ও পাক্কা রাস্তার মাথা এলাকায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শনিবার সকালে ও দুপুরে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল ৯ টায় ছোট কুমিরা বাইপাস এলাকায় যাত্রীবাহী ৮নং মিনিবাস মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় একই দিকে যেতে থাকা আরেকটি বাস মিনি বাসটিকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এতে মিনি বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬২) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুর দুইটায় বাড়বকুন্ড এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায়।এতে দুই পথচারী আহত হয়। ঘটনার পর পর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
আরও পড়ুন: টেকনাফে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
এ বিষয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক আবু আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'নিহতদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয় এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।'
ইত্তেফাক/জেডএইচডি
