কুমিল্লার দেবিদ্বারে পাগলা কুকুড়ের কামড়ের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার থেকে বৃহস্পতিবার বিভিন্ন সময়ে পৌর এলাকার মরিচাকান্দা ও ধলাহাস গ্রামে এ ঘটনা ঘটে।
মরিচাকান্দা গ্রামের আহত কাজল জানান, দুটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুরো মরিচাকান্দা ও পার্শ্ববর্তী ধলাহাস গ্রামের লোকজন ঘর থেকে বের হচ্ছে না, রাস্তা-ঘাট জনশূন্য হয়ে গেছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছেন।
কুকুরের কামড়ে আহত বৃদ্ধ মো. বশির মিয়া বলেন, কুকুরের কামড়ে আমি নিজে আহত হয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন ও ইনজেকশান দিয়েছি। ছেলে-মেয়ে নিয়ে আমরা আতঙ্কে রয়েছি।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম বলেন, গত দুইদিনে ১৫ জনকে কুকুরে কামড়িয়েছে। আহত সকলকে ভ্যকসিন ওজলাতঙ্কের ইনজেকশান দেওয়া হয়েছে। কুকুর দুটিকে চিহ্নিত করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে আমাকে জানিয়েছেন।
