বিনোদন রিপোর্ট
ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সারাবছর নাটকের শুটিংয়ের ব্যস্ততা থাকে তাঁর। আর বিশেষ দিবস এলে তো নাটকের সংখ্যাটা বেড়ে যায় আরো বেশি। নাটকের চরিত্রের বিষয়ে বেশ সচেতনতা লক্ষ্য করা যায় মেহজাবীনের। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন তিনি। রোমান্টিক ইমেজ থেকে বের হয়ে অনেক নিরীক্ষাধর্মী চরিত্রেও দেখা যাচ্ছে তাঁকে। তাই প্রশংসার মাত্রাটাও বেড়েছে।
মেহজাবীন বলেন, ‘যে কাজই করি, চাই সেটি শতভাগ পরিশ্রম দিয়ে করার জন্য। এক্ষেত্রে গল্প ও চরিত্রের সাথে কোনো আপোস করিনি। এখন যে পরিসরে কাজ হচ্ছে নিজের কাজের মান যেন ঠিকঠাক থাকে সেটির দিকেই নজর থাকে। এবার ঈদেও বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। দর্শকদের কাছে ভালো কাজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।’
এবার ঈদে মেহজাবীনের উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘ভাইয়া’, ‘মনবদল’, ‘মেঘের বাড়ি যাবো’, ‘টম অ্যান্ড জেরি-২’, ‘২২ শে এপ্রিল’, ‘শেষটা সুন্দর’ ও ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা’, ‘পারফেক্ট হাজবেন্ড’, ‘আমার বউ’, ‘বিয়াইনসাব’সহ আরো অনেক।
