চোটের তালিকায় এবার মুশফিক

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার টনটন (ইংল্যান্ড) থেকে

বিপদ যেন কাটছেই না বাংলাদেশের। একের পর এক ইনজুরি দুঃসংবাদ আসছে। ওভালে অনুশীলনের সময় তামিম ইকবাল হাতে ব্যথা পেয়েছিলেন, কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের উরুতে টান পড়েছিল। এবার টনটনেও আসলো ইনজুরির ধাক্কা। ইনজুরির তালিকায় এবার নাম লিখিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

গতকাল সমারসেট ক্রিকেট মাঠে অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিক। নেটে ব্যাটিং করার সময় মুস্তাফিজের একটি বল তার ডান হাতের কব্জিতে গিয়ে সজোরে আঘাত করে। এতে চোট পান তিনি। এরপর দ্রুত তাকে নেট থেকে তুলে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়।

দলের মিডিয়া ম্যানেজার রাবিদ হাসান জানিয়েছেন, চোট কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না। ড্রেসিং রুমে তার (মুশফিক) পরিচর্যা করা হচ্ছে। গতকালই অনুশীলনের পর যে কোনো এক সময় তার হাতের এক্সরে করানো হবে। এক্সরে রিপোর্ট পাওয়ার পর আঘাতের মাত্রা বোঝা যাবে।  

গতকাল মাঠে আরো দুর্ঘটনা ছিল। মুশফিকের পর আঘাত পেয়েছেন এক নেট বোলারও। এসময় সাইফুদ্দিন ব্যাটিং করছিলেন। তার একটি ড্রাইভ সজোরে আঘাত করে ওই নেট বোলারের মাথায়। ফলো থ্রুতে বল ধরার জন্য এগিয়ে এলে ঘটে এই বিপত্তি। ওই বোলার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। মিনিট দশেক পরিচর্যার পর তিনি উঠে বসলেও তাকে দিয়ে আর বোলিং করানো হয়নি। মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির খবর হচ্ছে, গতকাল অনুশলীন করেছেন সাকিব। ব্রিস্টল থেকে টনটনে টিমের সাথে যে ৫ ক্রিকেটার আসেননি, সাকিবও তাদের অন্যতম। সাকিব ও তামিম লন্ডনে গিয়েছিলেন। লন্ডন থেকে ফিরে গতকালই প্রথম অনুশীলনে আসেন সাকিব। গত ৮ জুন কার্ডিফে ইংল্যান্ড ম্যাচে উরুতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ অনিশ্চিত হয়ে যায় তার। যদিও ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এক্সরে রিপোর্টে অবশ্য খারাপ কিছু পাওয়া যায়নি। তবে চোট কাটিয়ে উঠতে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে।

মুশফিকের চোট ছাড়া ফিটনেস নিয়ে আর তেমন কোনো খারাপ খবর নেই বাংলাদেশ শিবিরে। ব্রিস্টল থেকে টনটন আসার পর দুদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। শুক্রবার ঐচ্ছিক অনুশীলন ঘাম ঝরিয়েছিলেন অনেকে। গতকালই গোটা দল একসঙ্গে পুরোদমে অনুশীলন করল।

উল্লেখ্য, আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের। চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট।