জয়পুরহাট ও পাবনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮) এবং নাটোরের বড়াইগ্রামের পারকোল গ্রামের আব্দুস সোবাহানের ছেলে ও কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব হোসেন হেলালী (৫৫)।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রোববার (২০ নভেম্বর) সকালে জয়পুরহাটে ছোট বোনকে তার কর্মস্থলে রেখে রবিউল ইসলাম মোটরসাইকেল নিয়ে হানাইল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় হানাইল-পাঁচুরচক সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান, শনিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে শিক্ষক সোহরাব হোসেন চাটমোহরে জামাইয়ের বাড়িতে বেড়ানো শেষে অটোভ্যান করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হরিপুর ইউনিয়নের সোন্দভা এলাকায় একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে অটোভ্যানটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে শিক্ষক সোহরাব হোসেন ট্রলিরচাপায় ঘটনাস্থলে নিহত হন।
