রুটের ধারাবাহিকতায় বিমুগ্ধ মরগান

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

ফাস্ট বোলাররাই মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন। পাঁচ ওভারের স্পেলে অফ স্পিন করতে এসে হাত বাড়িয়েছিলেন জো রুটও। ২৭ রানে নিয়েছিলেন দুই উইকেট। গত শুক্রবার সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিংয়ে জয়ের ভিত পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ২১৩ রানের টার্গেট পাড়ি দিতে গিয়ে শুরুতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল স্বাগতিকরা। যদিও জো রুটের অসাধারণ সেঞ্চুরিতে অনায়াসে সবকিছু উতরে গিয়েছিল ইংল্যান্ড।

উইন্ডিজের ইনিংস শেষ হওয়ার সময় উইকেটে ছিলেন না ওপেনার জ্যাসন রয় ও অধিনায়ক মরগান। জ্যাসন রয় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। তাই ওপেনিং করতে পারেননি। পিঠের ব্যথার কারণে চিকিত্সা নিতে বাইরে ছিলেন মরগান। নিয়ম অনুযায়ী ম্যাচের বয়স ২৮ মিনিট পার হওয়ার আগে নামতে পারতেন না মরগান। তবে এসব কিছুই প্রভাব ফেলেনি ইংল্যান্ডের ৮ উইকেটের সহজ জয়ে।

জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিং করতে নামা রুটের সেঞ্চুরিতে সবকিছু উবে গেছে। একপ্রান্ত আগলে ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন সময়ের অন্যতম ধারাবাহিক এ ব্যাটসম্যান। ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেন রুট। চলমান বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। চার ম্যাচে ২৭৯ রান করে বিশ্বকাপের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান এখন এই ইংলিশ টপঅর্ডার ব্যাটসম্যান।

জ্যাসন রয়, বেয়ারস্টো, মরগান, বাটলারদের মতো আক্রমণাত্মক না হলেও রুট ইংল্যান্ডের ব্যাটিং লাইনের বড় স্তম্ভ। লম্বা ইনিংস খেলা, স্ট্রাইক রোটেট করে খেলতে অভ্যস্ত তিনি। গত কয়েক বছরে ইংলিশদের রান মেশিনও বলা যায় তাকে। শুক্রবার উইন্ডিজদের বিরুদ্ধে জয়ের পর রুটের ভূয়সী প্রশংসা করেছেন মরগান। রুটকে স্বাগতিকদের ব্যাটিং লাইনের ‘আঠা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরগান বলেছিলেন, ‘অত্যন্ত খুশি, আমার মনে হয় সে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (গতকাল ওয়ার্নার শীর্ষে উঠে গেছেন)। সে দুটি সেঞ্চুরি করেছে। সে আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই আমাদের আঠা যা সবকিছুকে একসঙ্গে ধরে রাখে।’

শুক্রবার ৯৪ বলে ১১টি চারে অপরাজিত ১০০ রান করেছেন রুট। প্রায় ১৭ ওভার আগেই ম্যাচ জিতে গিয়েছিল প্রথমবার বিশ্বকাপ জয়ের মিশনে থাকা ইংল্যান্ড।

রুটের ব্যাটিংয়ের বিশেষত্ব সম্পর্কে বলতে গিয়ে মরগান বলেছেন, ‘এটা সম্ভবত তার ব্যাটিংয়ের একটা দিক যে, সে গত ২-৩ বছরে ক্রমেই ভালো করছে। কখনোই দেখা যায়নি বলের চেয়ে তার রান কম। আপনি দেখবেন, বলের চেয়ে তার রান বেশি থাকে। এটা দেখতে পাওয়া দারুণ। তার এ ফর্ম এবং তা ধরে রাখা সত্যিই দুর্দান্ত।’