স্পোর্টস ডেস্ক
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার জেসন রয়। তবে নিজের এবং দলের ওপেনারের চোট নিয়ে এখনো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানালেন অধিনায়ক ।
হ্যামস্ট্রিং নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় ভুগছিলেন জেসন রয়। ২৮ বছর বয়সী এই ওপেনার গেল কাউন্টি মৌসুমের একটা বড় সময় হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন। সাউদাম্পটনে ক্যারিবিয়দের বিপক্ষে ম্যাচের অষ্টম ওভারে পুরনো চোট আবারও দেখা দিলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মরগান বলেন, ‘সে আগামীকাল (গতকাল) চোটটা পরীক্ষা করাতে যাচ্ছে এবং ফলাফলের জন্য ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে আমাদের।’
