বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান লড়াই

আধিপত্য ধরে রাখতে চায় ভারত

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ভারত। ছয়বারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছে ভারত। আজ সেই রেকর্ডটাই এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে বিরাট কোহলির দল। বিশ্বকাপে এখন অবধি অপরাজিত আছে ভারত। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করে বিরাট কোহলির দল। আর সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির জের ধরে খেলাও মাঠে গড়ায়নি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও এই জয়ের ধারাটাই ধরে রাখতে চায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য ফিল্ডিংয়ে বাড়তি জোর দিচ্ছে ভারত। দলের ফিল্ডিং কোচ রামকৃষ্ণান অনুশীলনের ফাঁকে বলেন, ‘শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বলে নয়, আমি বলবো প্রত্যেকটা ম্যাচেই ফিল্ডিং গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময়ও আমরা তা দেখেছি। ৫ উইকেটে ৩৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পরও আমাদেরকে জয়ের জন্য জীবন বাজি রেখে ফিল্ডিং করতে হয়েছে। শুধু পরবর্তী ম্যাচের জন্য নয়, সব ম্যাচের জন্যই আমাদেরকে প্রতিপক্ষের চেয়ে ভালো ফিল্ডিং করতে হবে বলে আমি মনে করি। প্রতিপক্ষ দলগুলোও একই রকম প্রচেষ্টা চালাবে। সমমানের দুই দলের লড়াইয়ে পার্থক্যটা ফিল্ডাররাই গড়ে দেন।’

পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলে পরিবর্তন নিশ্চিত। কারণ বুড়ো আঙুলের ইনজুরির কারণে অন্তত তিন ম্যাচের জন্য ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার শিখর ধাওয়ান। বিকল্প হিসেবে ওপেনিং পজিশনে রোহিত শর্মার সঙ্গী খুঁজে পেতে অবশ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খুব বেশি বেগ পেতে হবে না। কারণ দলের সঙ্গেই আছেন লোকেশ রাহুল। তিনি মূলত ওপেনারই। তবে সমস্যা অন্য জায়গায়। ওপেনার হলেও ‘মেক শিফট’ চার নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন রাহুল। এখন তিনি ওপেন করতে নামলে চার নম্বরে নতুনভাবে সংগ্রাম করতে হবে ভারতকে। সেক্ষেত্রে হয়তো চারে খেলতে পারেন বিজয় শঙ্কর। কিংবা স্বয়ং মহেন্দ্র সিং ধোনিকে দিয়েও চেষ্টা করা যেতে পারে। ভাবনায় আছেন দিনেশ কার্তিক-হার্দিক পান্ডিয়ারাও।

সর্বশেষ গেল বছর এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুদেশের রাজনৈতিক বৈরিতার জের ধরে এখন মুখোমুখি হওয়ার উপলক্ষ পাওয়া যায় না বললেই চলে। সেজন্য এবারের ম্যাচটিকে ঘিরে দর্শকদের উন্মাদনাও যেকোনো সময়ের চেয়ে বেশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে এবার নাকি ১০০ কোটি লোক টেলিভিশনের পর্দায় এই ম্যাচ উপভোগ করবে। মাঠের টিকেটের জন্যও ছিল কাড়াকাড়ি। টিকেট পেতেই নাকি আবেদন এসেছিল সাত লাখের মতো। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, এই ম্যাচ দিয়ে বিশ্বকাপই যেন বাড়তি আমেজ পাবে। তিনি বলেন, ‘এটা বিশ্বকাপের উত্তেজনা বাড়ানোর দারুণ একটা সুযোগ।’