বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান লড়াই

অতীত নিয়ে ভাবনাহীন পাকিস্তান

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

সংখ্যা হয়তো সব সময় সত্যি কথা বলে না। দুই বছর আগে এই ভারতকে হারিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। কাগজে-কলমে তাই সরফরাজ আহমেদের দলের এগিয়ে থাকার কথা থাকলেও আদতে তা হচ্ছে না।

কারণ, গেল দুইটি বছরে ভারত নিজেদের পাকিস্তানের চেয়ে একটু বেশিই এগিয়ে নিয়ে গেছে। ইংল্যান্ডের মাটিতে সেই ফাইনালের পর থেকে ভারত ম্যাচ জিতেছে ৭১ টি, পাকিস্তান জিতেছে ৩৯টি। মানে জয়ের দিক থেকে পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে আছে ভারত।  বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিলেও দুই দলের মধ্যকার পার্থক্যটা স্পষ্ট। তিন ম্যাচ শেষে এখনো অপরাজিত ভারত। পয়েন্ট পেয়েছে পাঁচটি। অন্যদিকে চার ম্যাচের মধ্যে দুইটিতেই হেরেছে পাকিস্তান। পয়েন্ট মোটে তিনটি। ফলে, আজকের ম্যাচ হেরে গেলেই সেমিফাইনালের আগেই ছিটকে যাওয়ার দুয়ারে পৌঁছে যাবে পাকিস্তান দল। পাকিস্তান দল অবশ্য সুদূর অতীত কিংবা নিকট অতীত- কোনোটা নিয়েই খুব একটা ভাবিত নয়। যদিও, অনুপ্রেরণা খুঁজতে দলটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে তাকাতেই হচ্ছে। দলের টপ অর্ডারের অন্যতম ভরসা বাবর আজম যেমন বলেই দিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ই আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আশাকরি, এটা আমাদের সাহায্য করবে। ওই সময়ে আমাদের দলটা যেমন ছিল, এখনো তার কাছাকাছিই আছে। ফলে, আমি মনে করি ওই ম্যাচটা কখনোই আমাদের স্মৃতি থেকে মুছে যাবে না। এখান থেকেই অনুপ্রেরণা খোঁজা উচিত।’

প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই লড়বে পাকিস্তান। বাবর বলেন, ‘আমরা নিজেদের প্রস্তুত করে নিয়েছি। ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই খুব জমজমাট হয়। যারা ম্যাচে খেলে, আর যারা খেলা দেখে - সবাই এই ম্যাচের জন্য মুখিয়ে থাকে। আমরা জানি পুরো বিশ্বের নজর আমাদের ওপর থাকবে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ম্যাচটা শুরু করছি। শুধু আমি নই, দলের সবাই এই মঞ্চে পারফরম করার জন্য মুখিয়ে আছে।’

চলতি বিশ্বকাপে একমাত্র ইংল্যান্ডকেই হারাতে পেয়েছে পাকিস্তান। সেই ম্যাচে ৬৩ রান করেছিলেন বাবর আজম। তিনি জানালেন, ভারতের বিপক্ষে ম্যাচে তিনি হাঁটবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দেখানো রাস্তায়। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি ওর ব্যাটিং নিয়মিত দেখি। যেভাবে ও ভিন্ন ভিন্ন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেয়, তার থেকে সবার জন্য শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। ভারতের হয়ে কোহলির অনেক স্মরণীয় জয় আছে, পাকিস্তানের হয়ে আমিও সেই একই কাজটাই করতে চাই।’ ইংলিশ কন্ডিশনে ভারতীয় বোলিং আক্রমণ বেশ কার্যকর বলে এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। বিশেষ করে জাসপ্রিত বুমরাহ নিজের নামের সুনাম রেখে বোলিং করে চলেছেন। ওয়ানডের এই এক নম্বর বোলারের প্রতি সুনাম রেখে বাবর বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ভারতের একটা বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। বিশেষ করে বুমরাহর কথা না বললেই নয়। তবে, মনে রাখতে হবে যে আমরা ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছি। ওদের পেস আক্রমণটাও বিশ্বমানের। তাই ভারতীয় পেসারদের সামলানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’