ব্র্যাথওয়েটকে তিরস্কার

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে তিরস্কার করেছে আইসিসি। আচরণ বিধির লেভেল ওয়ান ধারা ভঙ্গের কারণে এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। গত শুক্রবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে আচরণ বিধির লেভেল ওয়ান ধারার ২.৮ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

ঘটনা ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৪তম ওভারে। জোফরা আর্চারের বলে উইকেটের পেছনে বাটলারের হাতে ক্যাচ দিয়েছিলেন ব্র্যাথওয়েট। আম্পায়ার আউট ঘোষণার করলে ব্র্যাথওয়েট বিরক্তি প্রকাশ করেছেন। ২২ বলে ১৪ রান করেছিলেন তিনি। বল হাতেও সুবিধা করতে পারেননি এই ডানহাতি অলরাউন্ডার। ৫ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।  ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন ব্র্যাথওয়েট। তাকে দেয়া শাস্তিও মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এই ঘটনায় অন ফিল্ড আম্পায়ার সুন্দারাম রবি ও কুমার ধর্মসেনা ব্র্যাথওয়েটের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। লেভেল ওয়ান ধারা ভঙ্গের কারণে সর্বনিম্ন শাস্তি হলো তিরস্কার করা, সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।