স্পোর্টস ডেস্ক
এএফসি কাপে মানাং মারশিয়াংদীর মুখোমুখি হবার আগে পেশাদার ফুটবল লিগ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী। ফরোয়ার্ড সানডে চিজোবার হ্যাটট্রিকে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটিকে ৫-২ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগ শিরোপাধারীরা।
আগামী ১৯ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের মানাং মারশিয়াংদির মুখোমুখি হবে আবাহনী। তবুও গতকাল আবাহনী অপেক্ষাকৃত দূর্বল রহমতগঞ্জের বিপক্ষে পূর্ণ শক্তির দলই মাঠে নামান কোচ মারিও লেমোস। তার আস্থার প্রতিদান দিয়ে দলের নাইজেরীয় ফরোয়ার্ড সানডে হ্যাটট্রিক করেন। জাতীয় দলের হয়ে লাওসের বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করা ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনও ছন্দে ফিরেছেন এদিন। জীবনের সঙ্গে আরেক ফরোয়ার্ড জুয়েল মিয়াও গোলের খাতায় নাম লেখালে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর। দিনের অপর ম্যাচে অবনমন অঞ্চলে থাকা বিজেএমসির কাছে ২-১ গোলে হেরেছে শেখ জামাল।
