খুলনায় অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৮:০৪

খুলনায় অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আশরাফ আলী শেখকে র‌্যাব-৬ এর সদস্যরা গ্রেফতার করেছে। সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আশরাফ আলী পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের সুলতান শেখের ছেলে।

র‌্যাব-৬ এর সিনিয়র সহকারী পরিচালক লে. আবুল কালাম আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন ধরে পলাতক অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ আলী শেখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ২০১৪ সালে অস্ত্র মামলায় কারাদণ্ড হওয়ার পর থেকেই সে পলাতক ছিলো। তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/পিও