‘যুবরাজের’ ওজন ৩৫ মণ

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি

যুবরাজের ওজন ৩৫ মণ। দেখতে ছোটখাট হাতির মতন। কিন্তু হাতি নয়, ঢাউস সাইজের একটি ষাঁড়। যুবরাজের মালিক ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহ আলম। আর যুবরাজ দর্শনে উত্সুক মানুষ ভিড় করছে শাহ আলমের বাড়িতে। যুবরাজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষ দেখতে আসছে।

শাহ আলম জানান, তিনি অনেক দিন সিঙ্গাপুর ছিলেন। অনেক দেশ ঘুরেছেন। তার বাড়ি ছিল মাদারিপুর জেলার শিবচরে। দেশে ফিরে ব্যবসা শুরু করেন। এক বন্ধুর মাধ্যমে ঝিনাইদহের দুর্গাপুরে বাড়ির সঙ্গে গড়ে তোলেন আব্দুল্লাহ অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। এতে তার ব্যয় হয়েছে ৩৮ লাখ টাকা। তার খামারে সাতটি গরু আছে। সবচেয়ে বড়টির নাম যুবরাজ। তিন বছর আগে ফিজিয়ান জাতের গরুটি কিনেছিলেন এক লাখ ৫৫ হাজার টাকা দিয়ে। তখন মাত্র তিন মাস বয়স ছিল। এখন বয়স ৩ বছর ৩ মাস। যত্ন করে যুবরাজকে মোটাতাজা করছেন। তিনি বলেন, মোটাতাজা করা ব্যয়বহুল। প্রতিদিন যুবরাজের খোরাকি লাগে ৪০ কেজি পরিমাণ দানাদার খাদ্য। সঙ্গে লাগে কাঁচা ঘাস। সব মিলিয়ে দিনে দু হাজার টাকার বেশি গো খাদ্য লাগে। যুবরাজকে বড় করতে এ পর্যন্ত ৯/১০ লাখ টাকা ব্যয় হয়েছে। খবর পেয়ে নানা জায়গা থেকে ব্যাপারিরা আসছে। দাম উঠেছে ১৮ লাখ টাকা পর্যন্ত। তবে শাহ আলম দাম হাঁকছেন ২৫ লাখ টাকা। যুবরাজ ছাড়াও তার খামারে রবি ও সাহেব নামে আরো দুটি বড় ষাঁড় আছে। যুবরাজ লম্বায় সাড়ে ৯ ফুট, উচ্চতা ৬ ফুট ও পেটের বেড় ৯ ফুট ৪ ইঞ্চি।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, তারা দুর্গাপুর গ্রামের শাহ আলমের ষাঁড়টি দেখেছেন। তাদের ধারণা ওজন ৩৫ মণ হবে।