মানিকগঞ্জের ঘিওরে আলোচিত হযরত আলী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মানিকগঞ্জের ঘিওরের পুখুরিয়ার মফিজ উদ্দিনের ছেলে ইফতে আরিফ (৩৭) এবং শিবালয়ের অন্যায়পুরের মৃত নগেন্দ্র সূত্রধরের ছেলে মন্টু সূত্রধর (৪৫)।
এজহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ২০১২ সালের ৬ জুলাই হয়রত আলীকে আসামি ইফতি আরিফ, মন্টু সূত্রধর ও বাসুদেব শর্মা ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হয়রত আলী মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ঘিওর থানায় ওই তিন ব্যক্তির নামে হত্যা মামলা করেন। থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সাত্তার ২০১৪ সালের ১২ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলা চলাকালীন আসামি বাসুদেব শর্মা মারা যান, এজন্য তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
