প্রতারকদের সঙ্গে অর্থ লেনদেন না করার আহ্বান

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৫

পুলিশ কনস্টেবল পরীক্ষা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি মিলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম। শুক্রবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে চা চক্রের অনুষ্ঠানে তিনি বিষয়টি জানান।

তিনি বলেন, আগামী ২৯ জুন মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এই চাকরির সুযোগ পাওয়া যাবে। পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা ফি বাবদ ট্রেজারির চালানের মাধ্যমে ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীকে কোনো দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, শারীরিক মাপ ও পরীক্ষা হবে ২৯ জুন। এছাড়া, লিখিত পরীক্ষা হবে ৩০ জুন ও মৌখিক পরীক্ষা হবে ৩ জুলাই। লিখিত পরীক্ষার ফলাফল ৩ জুলাই আর মৌখিক পরীক্ষার ফলাফল ৪ জুলাই বিকালে প্রকাশ করা হবে। এ ব্যাপারে জেলা পুলিশের ফেসবুক পেজ থেকেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।