অগ্নিকাণ্ডে প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৫

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় একটি বাজারে আগুন লেগে দোকানে আটকাপড়া  খোরশেদ সিকদার (৭২) নামে এক ব্যবসায়ী পুড়ে মারা গেছেন। তিনি রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়েছিলেন। শুক্রবার  রাত সাড়ে ১১টায় উপজেলার কনেশ্বর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ডামুড্যা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার  জানান, কনেশ্বর বাজারের ব্যবসায়ী  খোরশেদ সিকদারের মুদিখানা দোকানে রাত সাড়ে ১১টায় আগুন লাগে। কয়েলের  থেকে আগুনের সূত্রপাত হয়। গ্রামের বাজার হওয়ায় বিষয়টি দেরিতে মানুষের নজরে এসেছে। দ্রুত দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের মালিক খোরশেদ সিকদার পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।