জামালপুর প্রতিনিধি
জামালপুরে শুক্রবার রাতে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে খুন করে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহতের নাম নবী হোসেন (৬২)।
স্থানীয়রা জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা উপজেলার নান্দিনা বাজার থেকে বানারেরপাড় যাওয়ার কথা বলে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয়। জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর গ্রামে পৌঁছলে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা সিএনজি চালিত অটোরিকশা চালক নবী হোসেনের গলায় ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে চালকের চিত্কার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি গ্রামের বেছুমালের ছেলে। জামালপুর থানার ওসি সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
