লাকসামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ!

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৬

অভিযুক্ত গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউপির দামবাহার গ্রামে। লাকসাম থানা পুলিশ অভিযুক্ত সুমন হোসেনকে (১৯) গ্রেফতার করে গতকাল শনিবার কুমিল্লা আদালতে প্রেরণ করেছে। অভিযুক্ত উপজেলার দামবাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে যাওয়ার সময় ওতপেতে থাকা সুমন তার মুখ চেপে ধরে পাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ওই অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মেয়েটিকে প্রাথমিক চিকিত্সা দেয়। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।

এঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে শুক্রবার লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন বিকেলেই লাকসাম থানা পুলিশ অভিযুক্তকে আটক করে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সুমন হোসেনকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।