রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদীয়া গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের বাড়িতে ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. মোরশেদ বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মৃত দৌলতের পরিবারের রান্না ঘরের গ্যাসের চুলা হতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ১১ টার দিকে ফায়ার সার্ভিস লোকজন আসে। তার পূর্ব হতে শতাধিক স্থানীয় লোকজন অক্লান্ত চেষ্টায় ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আমাদের পাঁচ পরিবারের জায়গা-জমির দলিলসহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হওলাদার বলেন, ২০-২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরোপুরিভাবে আগুন নিভাতে একটু সময় লাগে।
