সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৪৭

 

বিশ্ব বাবা দিবসে যশোরে উত্সব শুরু

যশোর অফিস বিশ্ব বাবা দিবস উপলক্ষে শনিবার যশোরে দুই দিনব্যাপী উত্সব শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও ‘অনুভূতিতে বাবা’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন ও বাবার কাছে খোলা চিঠি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে কালেক্টরেট চত্বরে বাবা-সন্তানের উপস্থিতিতে এ উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এরপর কালেক্টরেট চত্বরে ‘অনুভূতিতে বাবা’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন ও বাবার কাছে খোলা চিঠি প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা। উত্সবের দ্বিতীয় দিন আজ রবিবার বিকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাবা ও সন্তানের সমাবেশ এবং সম্মাননা প্রদান করা হয়েছে।

বামনায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন-কবলিত এলাকা পরিদর্শন

বামনা (বরগুনা) সংবাদদাতা সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি গতকাল শনিবার দিনব্যপী বরগুনার বামনা ও বেতাগী উপজেলার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

উখিয়ায় ইয়াবাসহ দুইজন আটক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা উখিয়া থানা পুলিশ শুক্রবার রাতে বালুখালী হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হকের ছেলে আরফাতুল প্রকাশ মিজান নামের এক ইয়াবা কারবারীকে আটক করেছে। পরে তার দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে হলদিয়াপালয়ের পশ্চিম বড়বিল গ্রামের কবির আহম্মদের ছেলে মো. কামাল মিয়াকে (৩৮) ২১০ পিস ইয়াবাসহ পুলিশ আটক করেছে।

চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম অফিস চট্টগ্রাম মহনগরীর কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় গতকাল শনিবার একটি ট্রাক তল্লাশী করে ৯ হাজার ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় মাদক ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন(৩০)কে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, কলেজ বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করা হয়।  এ সময় কক্সবাজার থেকে আসা একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা মিনি ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হেলাল। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করে।