কৃষিবিদের অবমূল্যায়ন!

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৫০

সামনেই আসছে বিসিএস-৪১ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কৃষিশিক্ষা ক্যাডারের জন্য কৃষি অনুষদ ছাড়া অন্য কোনো অনুষদের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে না। একটু লক্ষ করলে দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোতে কৃষিশিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্পষ্টভাবে ছয়টি (কৃষি অনুষদ, ভেটেরিনারি অনুষদ, মাত্স্যবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, পশুপালন অনুষদ) অনুষদের নাম উল্লেখ থাকে। অর্থাত্ সকল কৃষিবিদ ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোর শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) এইক্ষেত্রে শুধু কৃষি অনুষদকেই সুযোগ দিচ্ছেন। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির সিলেবাসে কৃষি ও জলবায়ু, পশুপালন, পোল্ট্রি পালন, মাছ চাষ, উন্নত কৃষি প্রযুক্তি, কৃষি অর্থনীতি ও সমবায় এবং আরো বিভিন্ন বিষয় পড়ানো হয়, যা সকল অনুষদের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সকল বিষয়ে বিস্তারিত শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাই শুধু কৃষি অনুষদকে কৃষি শিক্ষা ক্যাডারের জন্য নিয়োগ ভিত্তিহীন এবং তা বেশিরভাগ কৃষিবিদকে অবমূল্যায়ন করে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য পিএসসির কাছে অনুরোধ জানাচ্ছি।

তানিউল করিম জীম

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ