সড়ক সংস্কারের আবেদন

আপডেট : ১৫ জুন ২০১৯, ২১:৫১

গ্রামপাঙ্গাসী থেকে হাটপাঙ্গাসী আঞ্চলিক সড়ক দীর্ঘ চার বছর সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, এতে লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে। সড়ক ছোট বড় খানাখন্দে ভরা। বৃষ্টি হলে কোথাও কোথাও পানি জমে ডোবার মতো হয়ে থাকে। এপাশ ওপাশ করে হেলেদুলে কোনোরকম চলাচল করে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যান। এই শোচনীয় অবস্থা গ্রামপাঙ্গাসী বাজার থেকে হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে; পিচ, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। হাটপাঙ্গাসী খলিল মোড় এলাকার ব্যবসায়ী খলিলুর রহমানের কাছ থেকে জানা যায়, তিন-চার বছরের বেশি সময় ধরে রাস্তার এই দুরবস্থা। ভ্যান কিংবা অটোরিকশায় মালামাল নিতে খুবই কষ্ট হয়। কলেজ-শিক্ষার্থী শিহাব উদ্দিনের ভাষ্য—আমাদের এই এলাকার অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। রাস্তাটি ভাঙা হওয়ায় অটোরিকশা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। পরিশেষে, সড়কটি অবিলম্বে সংস্কার করার উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী চানপাড়া,

বোয়ালিয়াচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ