৬২ লাখ লোকের তথ্য রয়েছে পুলিশের কাছে

আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:১৫

সন্ত্রাস-জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণের জন্য রাজধানীর ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহ কার্যক্রম আবারও শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। গতকাল শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় ডিএমপি কমিশনার বলেন, উন্নত বিশ্বের মতো টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এই কার্যক্রম সহায়ক হবে। পুলিশের কাছে তথ্য থাকলে চুরি, ছিনতাই, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসী বা জঙ্গি হামলার মতো বিষয় প্রতিরোধ করা সম্ভব। এজন্য পুলিশকে তথ্য দিতে নাগরিকদের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ২০১৬ সালের সেপ্টেম্বরে নাগরিকদের তথ্য সংগ্রহ করে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (সিআইএমএস) সফটওয়্যারে সংরক্ষণ শুরু করে ডিএমপি। প্রথম দফায় নাগরিকদের তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এ পর্যন্ত ঢাকায় বসবাসরত ৬২ লাখ ৩৪ হাজার ৫৪৭ জনের তথ্য সংগ্রহ করেছে। ডিএমপির প্রাপ্ত তথ্যের মধ্যে দুই লাখ ৪১ হাজার ৫০৭ জন বাড়িওয়ালা, ১৮ লাখ ২০ হাজার ৯৪ জন ভাড়াটিয়া, পরিবারের সদস্য ৩১ লাখ ৬৬ হাজার ৮২১ জন, মেস সদস্য এক লাখ ২১ হাজার ৪০ জন, চালক ও গৃহকর্মী ৮ লাখ ৮৩ হাজার ৯৮৪ জন রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় সিআইএমএস সফওয়্যারের কিছু সফলতার চিত্র তুলে ধরেন।