বরাদ্দ না বাড়ালে আন্দোলনের হুঁশিয়ারি সংস্কৃতিকর্মীদের

আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:১৯

বাজেটে সংস্কৃতিচর্চায় বরাদ্দ মাত্র ৩৪৭ কোটি টাকা

ইত্তেফাক রিপোর্ট

এবারের বিশাল বাজেটে মাত্র ৫৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সংস্কৃতি খাতে। এর মধ্যে ২২৮ কোটি টাকাই ব্যয় হবে অবকাঠামো উন্নয়ন ও বেতনভাতায়। বাকি ৩৪৭ কোটি টাকা ব্যয় হবে সংস্কৃতিচর্চায়। এই বরাদ্দকে অপ্রতুল বলছেন সংস্কৃতিজনরা। তারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় অংকের বাজেট পেশ করা হয়েছে; কিন্তু তাতে সংস্কৃতি খাতে বরাদ্দ অপ্রতুল।

সারাদেশে সংস্কৃতি চর্চা বাড়িয়ে অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধির কথা বলা হলেও বরাদ্দ মাত্র মূল বাজেটের শূন্য দশমিক ১১ শতাংশ। যা গত বছর সংস্কৃতি খাতে বরাদ্দকৃত অর্থের চেয়ে আরো ৫০ কোটি টাকা কম।

এ প্রেক্ষাপটে সারাদেশে সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে মূল বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আর দাবি মানা না হলে সকল সংস্কৃতিকর্মীকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন জোট সভাপতি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির টিএসসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ প্রমুখ। রামেন্দু মজুমদার বলেন, বাংলাদেশ এগিয়ে চলেছে। অথচ সমৃদ্ধির পথযাত্রায় সংস্কৃতির যোগ না থাকলে কোনো উন্নয়নই স্থায়ী হয় না। সরকার চাইছে সংস্কৃতির শক্তি দিয়ে জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশ গড়তে। অথচ বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ আগের বছরের চেয়ে আরো ৫০ কোটি টাকা কমেছে। নাসির উদ্দীন ইউসুফ বলেন, যে দেশের মূল হচ্ছে সংস্কৃতি, সেই দেশের সংস্কৃতি খাতে বরাদ্দে সংস্কৃতিকর্মীদের দাবিকে গ্রাহ্য করা হচ্ছে না। এটা জাতীয় সংস্কৃতির বিকাশকে ত্বরান্বিত না করে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।