ইত্তেফাক রিপোর্ট
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘জনবান্ধব হয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, সংশোধনীতে হতদরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ জণকল্যাণমূলক খাতের বরাদ্দ যেন কাটছাঁট করা না হয়। গতকাল শনিবার রাজধানীর বনানীতে প্রস্তাবিত বাজেট সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় বরাদ্দ বৃদ্ধি এবং কৃষিতে প্রণোদনা ও ভর্তুকি আরো বাড়াতে হবে। তিনি বলেন, বিদেশি ঋণে সবসময়ই কঠিন শর্ত দেওয়া হয়। এ ধরনের ঋণের বোঝা বেশি ভারি হয়। ভবিষ্যতে এ ধরনের ঋণ দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর সিকদার লোটন ও এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
