‘এটা বিশ্ব রেকর্ড’ দাবি আয়োজকদের
ইত্তেফাক রিপোর্ট
স্বনামধন্য হাওয়াইয়ান গিটার শিল্পী মো. হাসানুর রহমান বাচ্চু রাজধানীর বুলবুল ললিতকলা একাডেমি মিলনায়তনে ১০১টি গান হাওয়াইয়ান গিটারে বাজিয়ে শুনিয়েছেন। গতকাল দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত একটানা সুরসংগীত পরিবেশন করেন। আধুনিক বাংলা গান, রবীন্দ্র, নজরুল, লোক গানসহ নানা ধরনের ১০১টি গানের সুর মাধুর্য ছড়িয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। মো. হাসানুর রহমান বাচ্চুকে আন্তর্জাতিক হাওয়াইয়ান গিটার ফেডারেশন ২০১৫ সালে ‘গিটার গুরু’ উপাধি দেয়। বর্তমানে তিনি বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) সভাপতি।
বাফার সার্বিক সহযোগিতায় অনলাইনভিত্তিক শিল্প সাহিত্য সংগঠন ‘আলোর মিছিল’ এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোর মিছিলের প্রতিষ্ঠাতা শিমুল খন্দকার বলেন, হাওয়াইয়ান গিটারে ১০১টি গান বাজিয়ে শোনানো একটি বিশ্ব রেকর্ড। তিনি দাবি করেন, বিশ্বে আর কোথাও হা্ওয়াইয়ান গিটারে ১০১টি গান এক বৈঠকে বাজানো হয়নি। হাসানুর রহমান বাচ্চু সেই কাজটিই করেছেন। এ বিষয়ে গিনেজ বুক অফ রেকর্ডসের সঙ্গেও তারা যোগাযোগ রক্ষা করছেন। গিনেজ বুক কর্তৃপক্ষ পুরো অনুষ্ঠানটি রেকর্ড করতে বলেছে বলে জানান আয়োজকরা।
