সোহেল তাজের ভাগনেকে অপহরণের অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:৪৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগনে সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে চট্টগ্রামে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১০ জুন নগরীর প্রবর্ত্তক এলাকার মার্কেট আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণ করা হয়েছে বলে তার বাবা সৈয়দ মো. ইদ্রিস আলম পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, ১৪ জুন শুক্রবার রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ তার ভাগ্নেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে গত ৯ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অনুরোধ করছি সৌরভকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে, অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে ও ঘটনার আড়ালে কারা আছেন, তা আমরা জানি’।

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া ইত্তেফাককে বলেন, গত ১০ জুন সৌরভের বাবা থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে ইতোমধ্যে কিছু ক্লু মিলেছে উল্লেখ করে ওসি বলেন, তদন্তের স্বার্থে এমুহূর্তে কিছু বলা যাবে না।