পুরো বইটি আরেকবার রিভিশন দাও

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৫৩

পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আর মাত্র কিছু দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে তোমাদের প্রথম পাবলিক পরীক্ষা। এখন নিশ্চয়ই ব্যস্ত সময় কাটছে তোমাদের। পরীক্ষা নিয়ে ভয় পাবার কিছু নেই। এটা স্কুল পরীক্ষার মতো একটা পরীক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা একটি সহজ বিষয়। তবে অবহেলার কারণে অনেক শিক্ষার্থীর কাছে বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায়। প্রতি বছর দেখা যায় এ বিষয়টিতে অনেক ভালো শিক্ষার্থীও কম নম্বর পায়। তাই যতো বেশি অনুশীলন করবে পরীক্ষাও ততো ভালো হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ ও ডান-বাম মিলকরণের জন্য তোমাদের মূলবই ভালো করে পড়তে হবে। তথ্যবহুল আলোচ্য বিষয়, বিভিন্ন কোটেশন, বাক্য, শব্দ অবশ্যই ভালো করে রিভিশন দিবে। মনে রাখবে, ইসলাম ও নৈতিক শিক্ষায় প্রচুর তথ্যবহুল আলোচনা রয়েছে। যেখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করা যায়। সংক্ষিপ্ত উত্তর অকারণে বড় করবে না। আরবি শব্দের অর্থগুলো ভালো করে জেনে নিবে। বিশেষ করে ‘কুরআন মজিদ শিক্ষা’ অধ্যায়টি অপরাপর অধ্যায় থেকে একটু কঠিন। তাই এ অধ্যায়টি ভালো করে পড়তে হবে। পাঠ্যবইয়ে যে অধ্যায়ে সন, তারিখ, সংজ্ঞা আছে সেগুলোও ভালো করে দেখবে। যোগ্যতাভিত্তিক আটটি বড় প্রশ্নের উত্তর দিতে হলে তোমরা অবশ্যই জেনেবুঝে পড়বে। প্রশ্নগুলো কিন্তু হুবহু পাঠ্যবই থেকে আসবে না। পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তু ভালো করে আয়ত্ত করলে যে-কোনো পরিস্থিতিতে তোমরা নিজস্ব সৃজন দক্ষতা প্রয়োগ করে উত্তর করতে পারবে। প্রশ্নের উত্তর করার সময় প্রাসঙ্গিক ক্ষেত্রে মূলবইয়ে উল্লেখিত কোরআন-হাদিসের কোটেশন নিয়ে সুন্দর করে উত্তর করবে। কোরআন-হাদিসের উদ্ধৃতি আরবিতে লিখতে পারলে ভালো হয়। আরবি না লিখতে পারলে বাংলা অর্থ লিখবে।