বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নজর কাড়লো ফিফার! 

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০১:০১

নিজেদের প্রথম খেলায় সৌদি আরবের কাছে হারার পর মেক্সিকোর বিপক্ষে প্রিয় দল আর্জেন্টিনার গতকালের ম্যাচটি নিয়ে ভক্তদের মধ্যে ছিল টান টান উত্তেজনা। অবশ্য সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন বিশ্বের সেরা ফুটবল তারকা লিওনেল মেসি ও তার দল। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার বাঁচা–মরার লড়াইয়ে লিওনেল মেসি প্রথম গোলটি করতেই বিশ্বের অন্যান্য জায়গার ভক্তদের মত বাংলাদেশেও বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা। এ সময় নেচে-গেয়ে প্রিয় দলের জয় উদ্‌যাপন করেন সবাই। 

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এই উল্লাসের ভিডিও নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফাইড টুইটারে এই ভিডিও পোস্ট করা হয়েছে। ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করার পর লেখা হয়েছে, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা–সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছে।’ 

ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বলে জানা গেছে।

 

ইত্তেফাক/ইআ