এইচআইভির চিকিত্সায় নানাবিধ অগ্রগতি হলেও এখনো এই ভাইরাসের চিকিত্সায় কোনো ওষুধ আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে এবার মার্কিন প্রিভেনটিভ সার্ভিস টাস্কফোর্স জানিয়েছে, এইচআইভি প্রতিরোধে তারা এমন এক ওষুধ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যেটি এইচআইভি প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। ‘প্রেপ’ বা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নামের এই ওষুধ নিয়মিত সেবন করলে এইচআইভি সংক্রমণ রোধ করা সম্ভব। এইচআইভিতে আক্রান্ত হওয়ার আগে নিয়মিত এই ওষুধ গ্রহণ করলে এইচআইভি সংক্রমণের আশঙ্কা থাকে না। জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।
এইচআইভি ভাইরাস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয়। ফলে নানা সংক্রামক রোগ ও কয়েক রকম ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগী মৃত্যু মুখে ঢলে পড়ে। এইচআইভি ভাইরাস শরীরে ঢোকার পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে কমতে এইডসে রূপ নেয়। প্রতি বছর সারা বিশ্বে আনুমানিক ১৮ থেকে ২০ লাখ মানুষ নতুন করে এইচআইভি সংক্রমণের শিকার হচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক মানুষের এইচআইভিতে আক্রান্ত হওয়ায় বাড়ে মৃত্যু ঝুঁকিও। কিন্তু যাদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তারা নিয়মিত এই ওষুধ খেলে এইচআইভিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। এই চিকিত্সা পদ্ধতিকে এইচআইভি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যুগান্তকারী ফলাফল বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রিভেনটিভ সার্ভিস টাস্কফোর্সের এক বিবৃতিতে চিকিত্সকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষদের নিয়মিত ‘প্রেপ’ বা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ওষুধ গ্রহণের পরামর্শ দেন।
বর্তমানে প্রায় এগারো লাখ মার্কিনী এইচআইভি পজেটিভ নিয়ে বেঁচে আছেন যাদের অন্তত শতকরা ১৫ জনই জানেন না যে তারা এইচআইভি পজেটিভ। প্রতি বছরই নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে এইচআইভিতে। সান ফ্রান্সিসকো ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের গবেষণা পরিচালক ড. হাইম্যান স্কট এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এইডস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. পল ভোলবারডিং দুইজনেই মনে করেন এইচআইভি প্রতিরোধে সম্প্রতি যে সুপারিশ করা হয়েছে তা খুবই সময়োপযোগী। এইচআইভি মহামারি আকার ধারণ করার আগেই জাতীয়ভাবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমেরিকার ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসের পদক্ষেপের কারণে গত ১০ বছরে নতুন করে এইচআইভিতে আক্রান্তের হার ৯০ ভাগ কমিয়ে আনতে পেরেছে তারা। -সিএনএন
