নক-আউট নিশ্চিতের লক্ষ্যে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। এদিকে সুইজারল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজ তাদের সামনেও সুযোগ থাকছে নক-আউট নিশ্চিত করার।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪’এ মুখোমুখি হবে ব্রাজিল-সুইজারল্যান্ড। আজকের ম্যাচে জিতে নক-আউট নিশ্চিতের লক্ষ্যেই মাঠে নামবে দুই দল।
প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণে অনেকটাই সফল ব্রাজিল। যদিও ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন দলের পোস্টারবয় নেইমার । সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে নেইমার গোল পাননি। তিতের তুরুপের তাস টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসনই সেলেসাওদের এগিয়ে নিয়ে গেছেন। করেছের দুই গোল।
বিশ্বকাপের শুরুতেই তিতেসহ পুরো দলই ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল এখন আর শুধুমাত্র নেইমার নির্ভর নয়,তার প্রমাণ প্রথম ম্যাচেই মিলেছে। সে কারণেই আগের দুই বিশ্বকাপে যে চাপ নিয়ে নেইমার মাঠে নেমেছিলেন তার থেকেই অনেকটাই নির্ভার হয়ে এবার খেলতে নেমেছেন তিনি। কিন্তু আবারো সেই ইনজুরি তার ছায়াসঙ্গী হয়েই থেকে গেল।
এবারের টুর্নামেন্টে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়াকে ডার্ক হর্স হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু সেলেসাওরা তাদের আধিপত্য দিয়ে সার্বিয়াকে দাঁড়াতেই দেয়নি। দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের জোড়া সারবিয়াকে হারায় ব্রাজিল। বিশ্বকাপের শুরুতে ব্রাজিলিয়ান ও ব্রিটিশ গণমাধ্যমে রিচার্লিসনকে মূল একাদশে খেলানো নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল তার জবাব অনেকটাই দিয়ে দিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।
পুরো ব্রাজিল দলের ছন্দময় ফুটবলে সমর্থকরা তাদের প্রিয় দলকে ফাইনালে দেখার আশা করতেই পারেন। এর মাধ্যমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা আট জয় নিশ্চিত করেছে। ২০২১ কোপা আমেরিকার ফাইনালের পর থেকে তারা অপরাজিত রয়েছে। এই আট জয়ে ব্রাজিল গোল দিয়েছে ২৮ টি।
ব্রাজিল বেশ কিছু সুযোগ মিস করায় তা সার্বিয়ার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। অন্যদিকে সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিরদ্ধে নিজেদের ভলোই প্রমাণ করেছে। গোলরক্ষক ইয়ান সোমারকে খুব বেশী পরীক্ষায় ফেলতে পারেনি ক্যামেরুন।
নতুন কোচ মুরাত ইয়াকিন সেই একই কৌশলে সুইসদের এগিয়ে নিয়ে গেছেন। এই জয়ে ইয়াকিন সন্তুষ্ট হতেই পারেন, তার উপর দল কোন গোল হজম করেনি। শেষ ১০ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার সুইজারল্যান্ড কোন গোল হজম না করে ম্যাচ শেষ করেছে। তবে সেই ম্যাচগুলোর বেশীরভাগই ন্যাশনস লিগে শীর্ষ দলগুলোর বিপক্ষে ছিল। ইউরো ২০২০’র বাছাইর্বে শেষ ছয়টি ম্যাচ সুইসরা মাত্র এক গোল খেয়েছিল। ঐ সময়ই ইয়াকিন দলের দায়িত্ব গ্রহণ করেন।
চার বছর আগে গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সুইজারল্যান্ড। ক্যামেরুনের সঙ্গে জয়ী হয়ে টানা চার ম্যাচে অপরাজিত রয়েছে সুইশরা। ব্রাজিলের বিপক্ষে এই সংখ্যা পাঁচ করতে পারলে নক আউট পর্বও নিশ্চিত হয়ে যাবে।
এদিকে, নেইমার গোঁড়ালির ইনজুরিতে পড়ায় ব্রাজিল শিবিরে কৌশলগত পরিবর্তন আনতে হচ্ছে তিতেকে। মাঝমাঠে খেলানো হতে পারে ফ্রেডকে। রাইট-ব্যাক দানিলোও ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় খেলানো হতে পারে এদার মিলিতাও অথবা অভিজ্ঞ দানি আলভেজকে।
