মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২২। গতবার পাশের হার ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ।
এছাড়া মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৭ হাজার ১৮৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৮ হাজার ২৭৩ জন।
সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মাদরাসা বোর্ড থেকে ২ লাখ ৬০ হাজার ১৩২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৮৩ জন পরীক্ষায় পাস করেছে।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের অধিক। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল।
