মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:৫২

বরিশালের মেহেন্দিগঞ্জে ফখরুল হাওলাদার (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকালে চরহোগলা গ্রামে বাসার অদূরে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। নিহত ফখরুল হাওলাদার মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতা ও বখাটেপনার বিরোধিতা করায় গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় বখাটে মিজান, ইসমাইল, ফারুক ও শরিফউদ্দিনের সঙ্গে ফখরুলের বাকবিতণ্ডা হয়। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে তাদের সহযোগী পক্কি দফাদার, ইসমাল বাঘা,    ওমর আলী, উজ্জল ও ফারুকসহ অন্য সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ফখরুলের ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো দা দিয়ে ফখরুলকে এলোপাতাড়ি কুপিয়ে বাঘাবাড়ি মসজিদের সামনের সড়কে ফেলে রাখে। খবর পেয়ে ফখরুলের ভাই একই ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন হাওলাদারসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালের উদ্দেশে স্পিডবোটযোগে নিয়ে যাওয়া হয়। কিন্তু নদীপথের কিছুটা পাড়ি দেওয়ার পরই ফখরুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হামলাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।