স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী উধাও

আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:৫২

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী ও শাশুড়ি। নিহত সাদিয়া আক্তার (১৮) উপজেলার বিলাসপুরের মাঝিরচর এলাকার মো. বিল্লালের মেয়ে এবং উত্তর জয়পাড়া সাববাজার এলাকার মোস্তফার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাদিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বামী মোস্তফা ও শাশুড়ি বেবী বেগম। তারা জানান, গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। খবর পেয়ে সাদিয়ার মা হাসপাতালে এলে তাকে একই কথা বলে সাদিয়ার শাশুড়ি বেবী বেগম। পরে সাদিয়ার লাশ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায় স্বামী ও শাশুড়ি।  

সাদিয়ার মা আকলিমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় সাদিয়া  স্বামীকে নিয়ে আমাদের বাড়ি থেকে স্বামীর বাড়ি উত্তর জয়পাড়া সাববাজারে যায়। এর দুই ঘন্টা পর খবর পাই আমার মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি অভিযোগ করে বলেন, মেয়ের জামাই মোস্তফা ও ওর পরিবারের লোকজন আমার মেয়েকে মেরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার আগেই সাদিয়ার মৃত্যু হয়েছে। মৃতদেহের গলায় দাগ পাওয়া গেছে। দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।