ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার বড়তল্লা আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বড়তল্লা গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে রিফাত (১৪) ও সুজন (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে উপজেলার বড়তল্লা গ্রামের আউটার সিগন্যালের কাছে রেললাইনের উপর বসে রিফাত ও সুজন গল্প করছিলেন। হঠাত্ সুজন দেখতে পায় তারা যে রেললাইনে বসে আছে সেই লাইন দিয়ে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন আসছে। তখন সুজন উঠে দৌড়ে রেললাইন পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে পাশের লাইনে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে যায়। ভাইকে বাঁচাতে গিয়ে রিফাতও একই ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়।
রেলওয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছানাউল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি নিহতের স্বজনরা ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
