জমজমাট লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:৩১

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গেছে পর্তুগাল ও উরুগুয়ে। গতবারের আসরে দ্বিতীয় রাউন্ড থেকে পর্তুগালকে বিদায় করে দিয়েছিলো উরুগুয়ে। সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে সেই পর্তুগিজরাই এবার প্রতিশোধ নিতে নেমেছে লাতিন আমেরিকার দলটির বিপক্ষে।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা পর্তুগাল বেশ কয়েকটি আক্রমণ সাজায়। ৬৯% বল নিজেদের দখলে নিয়েও ম্যাচের পুরো প্রথমার্ধে একটি শটও গোলমুখে নিতে পারেনি পর্তুগাল। অন্যদিকে শক্তিশালী রক্ষণভাগ বেশ পর্তুগিজ আক্রমণভাগের খেলোয়াড়দের বেশ ভুগিয়েছে। উরুগুয়ের রক্ষণভাগে গেলেই বল হারিয়ে ফেলে তারা। ৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে আলোচিত এবং গোলের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন বেনতানচুর। মাতিয়াস বেসিনোর পাস ধরে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নেন বেনতাচুর। সেই শট অবশ্য ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। গোলটি হলে হয়তো এবারের বিশ্বকাপের সেরা গোলের তকমা পেত। আর উরুগুয়েও এবারের বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেতো। কিন্তু তার ভাগ্যের মতো উরুগুয়ের ভাগ্যও বদলায়নি। এতে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন বেনতাচুর।

এরপর থেকে সমান তালে আক্রমণে উঠতে থাকে উরুগুয়েও। তবে বাকি সময়ে আর কেউ কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির আগে গোলের উদ্দেশ্যে পর্তুগাল আটটি ও উরুগুয়ে চারটি শট নেয়, তার মধ্যে কেবল বেন্তানকুরের ওই চেষ্টাই লক্ষ্যে ছিল।

ইত্তেফাক/ইআ