সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জকে সামনে রেখে ২০১৯-২০ অর্থবছরের ঘোষিত বাজেটকে অত্যন্ত সাহসী, সময়োপযোগী ও গণমুখী বলে আখ্যায়িত করেছে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। গতকাল শনিবার আইডিইবি থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি, মানবসম্পদ ও অবকাঠামোগত উন্নয়ন, জাতীয় প্রবৃদ্ধির হার ৮ শতাংশের উপর অর্জন, মূল্যস্ফীতি ৫.৫ হারের মধ্যে রাখাসহ গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখার প্রত্যয়ে বাজেটে আয়-ব্যয় যেভাবে প্রতিফলিত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অভীষ্ট লক্ষ্য অর্জিত হবে বলে আইডিইবি আশাবাদ ব্যক্ত করে। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক বাজেট প্রতিক্রিয়ায় এ আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিক্রিয়ায় সামগ্রিক শিক্ষাখাতে বাজেটের অর্থ বরাদ্দকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করা হলেও মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও মাদ্রাসাশিক্ষা খাতের ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দকে অপ্রতুল উল্লেখ করা হয়েছে। সামগ্রিক শিক্ষা বাজেটে ৬১ হাজার ১১৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও কারিগরি ও মাদ্রাসাশিক্ষা খাতে মাত্র ৭ হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ১.৫ শতাংশ এবং শিক্ষা বাজেটের ১২ শতাংশ।
