গাজীপুরের কাশিমপুর কেন্দ ীয় কারাগার-২ এ বন্দি ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম ইয়াসিন আরাফাত (২৭)। তিনি মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার হাসুধারা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ঢাকার লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
কাশিমপুর কেন্দ ীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারের ভেতর হঠাত্ বুকে ব্যথা অনুভব করেন ইয়াসিন আরাফাত। শুক্রবার রাত ১০টার দিকে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ২০১৪ সাল থেকে ইয়াসিন আরাফাত এ কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তিনি ৬৩৩৫ নং কয়েদি ছিলেন। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে আরাফাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
