নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলার ১৮তম বার্ষিকী আজ। ২০০১ সালের ১৬ জুন ঐ হামলায় ২০ জন নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশের পরিবার কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। শহরের তামাকপট্টি এলাকার স্বপন চন্দ্র দাস চাকরির দরখাস্তে এমপি শামীম ওসমানের স্বাক্ষর আনতে গিয়েছিলেন। ১৮ বছর হয়ে গেছে, আর ফেরেনি স্বপন। ছেলের অপেক্ষায় এখনও দু’ চোখে জল ফেলেন মা গীতা রাণী। তবে গোদনাইল আরামবাগের জাহাঙ্গীর আলম শুক্কুরের গল্প অন্যরকম। তিনি এমপির কাছে এসেছিলেন চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করার সুপারিশের জন্য। স্ত্রী উম্মে সালমা বিউটির কাছে তা জানিয়ে বলেছিলেন, ‘তাড়াতাড়ি আসবো।’ যদিও আর ফেরা হয়নি তার। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত ২০ জনের মধ্যে এই দুইজনও ছিলেন। স্বামী হারিয়ে দুই মেয়েকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছেন বিউটি। সেই দুই কন্যা গতকাল এ প্রতিবেদকের কাছে বলেন, এখন আমরা কোনো অনুদান চাই না, চাকরি চাই। আর স্বপনের পরিবার চায়, একটু সহযোগিতা।
