‘অঙ্গীকার’ রক্ষা না করায় মাসুদা রশীদের দলীয় পদ স্থগিত করলেন এরশাদ

আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:১১

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে লিখিত চুক্তি অনুযায়ী অঙ্গীকার রক্ষা না করায় প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীর প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি স্থগিত করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল শনিবার এরশাদ নিজের স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রটারি খন্দকার দেলোয়ার জালালী চিঠির কপি গণমাধ্যমকে দিয়েছেন।

মাসুদা রশীদ চৌধুরীকে দেওয়া  চিঠিতে এরশাদ লিখেছেন, গত ২৬ মে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আপনাকে একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। আপনি অদ্যাবধি এর কোনো জবাব দেননি। যা জাপার সাংবিধানিক অবজ্ঞার সামিল ও সংগঠনবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য। চিঠিতে এরশাদ আরো লিখেছেন, এমতাবস্থায় আপনার সকল পদ-পদবি অস্থায়ীভাবে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

প্রসঙ্গত, একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত দলের নারী এমপিদের কারো কারো সঙ্গে লিখিত চুক্তি করেছিল জাপা। চুক্তি অনযায়ী অঙ্গীকার রক্ষা না করায় মাসুদাকে নোটিশ দেন জাপা মহাসচিব রাঙ্গা। বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাক প্রতিবেদন প্রকাশ করে। তখন নোটিশ দেওয়ার কথা স্বীকার করেন রাঙ্গা। আর মাসুদা রশীদ চৌধুরী ইত্তেফাককে তখন বলেছিলেন- রাঙ্গা তাকে নোটিশ দেওয়ার কে। বিষয়টি নিজের ব্যারিস্টার পুত্র দেখছেন বলেও জানান মাসুদা। এ নিয়ে জাপায় তোলপাড় সৃষ্টি হয়।