ইত্তেফাক রিপোর্ট
গতকাল প্রকাশিত হলো শিল্পী চন্দনা মজুমদারের রাধারমণের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’। শনিবার বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘গানের ঝরনাতলায়’ শীর্ষক তিন দিনের অনুষ্ঠানের শেষ দিনে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সংগীতব্যক্তিত্ব শিল্পী আকরামুল ইসলাম। মোড়ক উন্মোচনের পর শিল্পী চন্দনা মজুমদার অ্যালবামে রেকর্ড করা রাধারমণের গানসহ আরো বেশকিছু শ্রোতাপ্রিয় লোকগান গেয়ে শোনান। তাঁর সঙ্গে যন্ত্রানুসঙ্গে ছিলেন তবলায় এনামুল হক উমর, কি বোর্ডে বিনোদ রায়, ঢোলে দশরথ দাশ, দোতারায় রতন কুমার রায় ও বাঁশিতে মামুন।
