একরাতে মাথা গোঁজার ঠাঁই হারালো ৩ পরিবার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫:২১

ঝিনাইদহের মহেশপুরে আগুন লেগে তিন পরিবারের বাড়িসহ ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পুরন্দপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু জানান, সকালে এলাকার দরিদ্র নজরুল, লিটন ও রিপন ঘরে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তিন ঘরসহ সরিষা, ধান, চাল ও নগদ টাকা পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পুরন্দপুর গ্রামের দরিদ্র নজরুল সরদার, লিটন সরদার ও রিপন সরদার বলেন, আমাদের পরিবার সদস্যেদের পড়নের কাপড় ছাড়া আর সব কিছুই পুড়ে গেছে। আমরা এলাকার খুবই দরিদ্র মানুষ। এখন আমরা কোথায় থাকবো।

মহেশপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান বাকি বিল্লাহ জানান, তারা ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।    

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই হাজার টাকা, এক বস্তা চাউল দেওয়া হয়েছে। এছাড়া সার্বিক সহযোগীতারও আশ্বাস দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আরএজে