রাজশাহী বিভাগের ৮ জেলায় গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে ধর্মঘট চলছে। এ কারণে বিএনপির গণসমাবেশ সফল করতে তিন দিন আগ থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সমাবেশে এসে বিএনপির মনোগ্রাম, হেড ব্যান্ড ও পতাকা কিনতে দোকানগুলোতে ভিড় জমেছে নেতা-কর্মীদের।
রাজশাহীর ঈদগাহ মাঠে তৈরি করা হয়েছে এলাকাভিত্তিক ক্যাম্প। ক্যাম্পের পাশেই মনোগ্রাম, পতাকা ও হেড ব্যান্ড বিক্রি করছেন দোকানিরা। বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে এসব পতাকা, মনোগ্রাম। ধানের শীষ প্রতীকের মনোগ্রাম ৩০ টাকায় বিক্রি হচ্ছে, খালেদা জিয়ার ছবিসহ মনোগ্রাম ২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট-বড় পতাকা ২০ থেকে ৫০ টাকা দাম রাখছেন দোকানিরা। হেড ব্যান্ড বিক্রি হচ্ছে ১০ টাকা করে।
ঈশ্বরী থেকে আসা যুবদলের নির্বাহী সদস্য মাসুদ রানা বলেন, আমরা গতকাল রাজশাহীর ঈদগাঁ মাঠে এসেছি। ক্যাম্পের পাশে আমার প্রিয় দলের পতাকা ও মনোগ্রাম বিক্রি করা হচ্ছে। আমার পোশাকে আমার প্রিয় দলের মনোগ্রাম থাকবে না তা কি করে হয়। আমি দুটো মনোগ্রাম ও একটা পতাকা কিনেছি। তুলনামূলকভাবে কম দামেই বিক্রি হচ্ছে এসব মনোগ্রাম ও পতাকা।
কর্মীদের জন্য দোকান থেকে ৫০টা হেড ব্যান্ড কিনেছেন নাটোর থেকে আসা যুবদলের নেতা রফিকুল ইসলাম। তিনি বলেন, ১০০ কর্মী নিয়ে এসেছি বিএনপির সমাবেশ সফল করতে। তাদেরকে মনোগ্রাম আগেই কিনে দিয়েছি। এখন হেড ব্যান্ড কিনে দিচ্ছি। ৫০টা হেড ব্যান্ড নিয়েছি ৫০০ টাকায়।
চাঁদপুর থেকে রাজশাহী সমাবেশে মনোগ্রাম বিক্রেতা করতে এসেছেন মামুন নামের এক ব্যক্তি। তিনি বলেন, সকাল থেকে বিক্রি করছি। ক্রেতার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কম দামেই এসব বিক্রি করছি আমরা। বেশি করে মনোগ্রাম ও পতাকা নিলে কম টাকা রাখা হচ্ছে বলে জানান এ বিক্রেতা।
প্রসঙ্গত, শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ সফল করতে হাজার হাজার নেতাকর্মী বিভাগের বিভিন্ন স্থান থেকে এসে এখানে অবস্থান নিচ্ছেন।
