আওয়ামী লীগ নেতা এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২০:০১

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর ১ নম্বর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকার হাতিরপুলে এ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক ফিকামলি তত্ত্বের জনক ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আবদুল ওয়াদুদ বলেন, ‘এই মুহূর্তে মালেক স্যারের সুস্থ থাকা খুবই প্রয়োজন ছিল। বিএনপির মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন। আমাদের দিকনিদের্শনা দিতে পারতেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা থাকাকালীন দেখেছি তিনি সবসময় প্রধানমন্ত্রীকে  দূরদর্শী পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। দলের দুঃসময়ে তার লেখনি, রাজনৈতিক বিশ্লেষণ, আমাদের সবসময় সাহস, উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন।’

তিনি বলেন, ‘ডাক্তার মালেক স্যার আপাদমস্তক একজন সৎ লোক। প্লেইন লিভং ও হাই থিংকিং পারসন। তিনি দেশপ্রেমিক রাজনীতিবিদদের জন্য এক আদর্শ, একটি প্রতিষ্ঠান। তার কাছে অনেক কিছু শিখেছি, আরও শেখার ছিল। দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চাই।’

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আ ব ম ফারুক বলেন, মালেক ভাই বঙ্গবন্ধু পরিষদকে  সুসগঠিত করেছেন। অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার অসুস্থতার কারণে আমারা তার সুচিন্তিত মতামত ও পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছি। তার সুস্থতা কামনা করি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আাগাস্ট নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠান শেষে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষে ব্যাপক জনমত গড়তে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা সম্বলিত লিফলেট ও বুকলেটের খসড়া উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীকে লিফলেট প্রচার অভিযানের কার্যক্রম উদ্বোধনের জন্য অবদোন জানানো হয়। সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত  অঞ্চলে, ঘরে-ঘরে, মাঠে-ঘাটে, হাটে-বাজারে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে একদল তরুণ সাইবারযোদ্ধা মানুষের দোরগোড়ায় হাজির হবে। ফেসবুক ও ইউটিউবে প্রধানমন্ত্রীর পক্ষে প্রচারণা চালাবে। বর্তমান সরকারের বিরুদ্বে বিএনপির অপপ্রচার ও মিথ্যাচার এ কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়। বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী কারার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির মহাসচিব প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু কামরান রাহুল, ডা. এস এ মালেকের পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক স্বাচিব নেতা ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর আমিনুল ইসলামসহ অনেক শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডা. এস এ মালেকের অনেক ভক্ত-অনুরাগী, নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে