কুমিল্লার মুরাদনগরে বড় ভাইয়ের পরিবারকে মারধর করে বের করে ঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মেলামচর গ্রামে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে ইয়াকুব আলী (৫৫)। অভিযুক্ত হলেন ভুক্তভোগীর ছোট ভাই ওয়াহেদ আলী।
ভুক্তভোগী পরিবার জানায়, পৈত্রিক সূত্রে দীর্ঘদিন থেকে ইয়াকুব আলী স্ত্রী সন্তানদের নিয়ে ওই বসতভিটায় বসবাস করে আসছিলেন। সেখানকার জমির কিছু অংশ নিয়ে ভাই ওয়াহেদ আলী ও ফারুক মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াহেদ আলী ও ফারুক মিয়াসহ কিছু লোকজন ইয়াকুব আলীর বসত বাড়ির ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে তারা সীমানা প্রাচীর নির্মাণ করে, ঘরে তালা ঝুলিয়ে দেন।
ভুক্তভোগী ইয়াকুব আলীর স্ত্রী বলেন, এর আগে এলাকার লোকজন বেশ কয়েক বার সালিশি বৈঠক করেছেন। কিন্তু ওয়াহেদ আলী ও ফারুক সকল আদেশ অমান্য করে আমাদের বাড়ি ঘর দখল করে নিয়েছে। আমরা স্বামী-স্ত্রী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
অভিযোগ স্বীকার করে ওয়াহেদ আলী বলেন, ওই জমিটি আমাদের। ইয়াকুব জমিটিতে বসবাস করতো। সে এখান থেকে চলে যাবে বলছে কিন্তু যাচ্ছে না। তাই আমারা জমিটিতে বাঁশ দিয়ে প্রাচীর করে এবং ঘরে তালা দিয়ে দখলে নিয়েছি।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
