ছাত্রলীগের ওপর হামলায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

বগুড়ায় ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় একই সংগঠনের পদবঞ্চিত অপর গ্রুপের ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বাদী হয়ে রোববার রাত ৯টার দিকে বগুড়া সদর থানায় এই মামলাটি করেন। মামলায় আসামিদের মধ্যে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত তৌহিদুর রহমান তৌহিদ এবং মাহফুজার রহমানের নামও রয়েছে। 

এদিকে ওই হামলার ঘটনার পর ছাত্রলীগের বগুড়া পৌর কমিটির সভাপতি সুজিত কুমার দাস এবং গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
রোববার রাতে বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা এবং সাধারণ সম্পদাক আল-মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

দলীয় সূত্রগুলো জানায়, অব্যাহতি দেওয়া ওই দুই নেতা ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের নেতা হিসেবে পরিচিত ছিলেন। অভিযুক্ত পদধারী ছাত্রলীগের ছয় নেতা হলেন, সহ-সভাপতি তৌহিদুর রহমান, সিদ্ধার্থ কুমার, নূর মোহাম্মাদ সাগরসহ যুগ্ম সম্পাদক মাহাফুজার রহমান, আহসান হাবিব শুভ ও সাংগঠনিক সম্পাদক আল এমরান হোসেন। 

এর আগে ৩ ডিসেম্বর রাতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল-মাহিদুল জয়ের নেতৃত্বে ২০ থেকে ৩০ মোটরসাইকেলে ৫০ জন নেতা-কর্মী আজিজুল হক কলেজের অধ্যক্ষর সঙ্গে দেখা করতে যান। এর কিছুক্ষণ পরেই জেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান ও যুগ্ম সম্পাদক মাহাফুজারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সজীব সাহা দাবি করেন। 

তিনি আরও দাবি করেন, হামলায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকু রহমান আতিক ও শহর ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান সাব্বিরসহ সাত নেতা-কর্মী আহত হন। এ সময় অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

মামলার বাদী বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, শত্রুতাবশত তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আহতদের মধ্যে আতিকুর রহমান আতিক ও মো. সাব্বিরের অবস্থা গুরুতর।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, ‘আজিজুল হক কলেজের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

ইত্তেফাক/পিও