ডা. এস এ মালেক আর নেই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। তিনি চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন।
 
এস এ মালেকের লাশ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে। আজ বুধবার পরিবারের সবাই আলোচনা করে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া তার দুই সন্তান দেশের বাইরে রয়েছেন। তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।  

ডা. এস এ মালেক মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।   

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।  

ইত্তেফাক/কেকে