মিরাজের শতক, রেকর্ড জুটিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৬

প্রথম ওয়ানডেতে তার দৃঢ়চিত্তের ব্যাটিংয়েই ১ উইকেটের  অবিস্মরণীয় জয় পেয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও বিপর্যয়ের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন আগের ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ। ইনিংসের শেষ বলে তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটিতে বাংলাদেশকে নিয়ে গেলেন ২৭১ রানের বিশাল সংগ্রহে। 

ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডেতে মিরাজের ব্যাটে চড়েই জয় ১ উইকেটের জয় পেয়েছিলো বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিং নিয়েছিলো বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে টাইগার ব্যাটিং লাইনআপ। ৬৯ রানেই নেই  বাংলাদেশের ৬ উইকেট। ২০তম ওভার থেকে বাংলাদেশের সপ্তম উইকেট জুটিতে ব্যাটিং শুরু করেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ।

 ছবি: সংগৃহীত

সেই যে ২০ ওভারে শুরু, ৪৭তম ওভারে যখন জুটি ভাঙে তখন দুজন মিলে তুলে ফেলেছেন ১৪৮ রান। ভারতের বিপক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড করেই টাইগারদের ইনিংসকে নিয়ে গেছেন বড় স্কোরের দিকে। ৬৯ রানে ৬ উইকেট থেকে ২১৭ রানে গিয়ে পরে সপ্তম উইকেট। 

ছবি: সংগৃহীত

মাহমুদুল্লাহ ৭৭ রান করে আউট হলেও ইনিংসের শেষ বলে এসে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন  মিরাজ। শেষদিকে ভারতীয় বোলারদের ওপর মারমুখী হয়ে ৮৩ বলেই ১০০ রান তুলে নেন মিরাজ। শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে শেষ বলে দলীয় ১১ রানে সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়। ৯ বলে ১১ রান করে সিরাজের বল এলবিডব্লিউ আউট হন তিনি। এরপর শান্তকে নিয়ে ইনিংস মেরামত করতে গিয়েও ব্যর্থ হন লিটন দাস। দলীয় ৩৯ রানে ২৩ বলে মাত্র ৭ রান করে আউট হন তিনি। এরপর দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান নাজমুল শান্ত। ৩৫ বলে ২১ রান করে আউট হন তিনি।

এরপর দলীয় ৬৬ থেকে ৬৯ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদশ। তবে এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে রেকর্ড ১৪৮ রানের জুটি গড়েন মেহেদী মিরাজ। দলীয় ২১৭ রানে ৯৬ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন মাহমুদুল্লাহ। রিয়াদ আউট হলেও এরপর নাসুমকে সঙ্গে নিয়ে আরও ৫৪ রান যোগ করেন। শেষ দিকে মারকুটে ব্যাটিংয়ে ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান মেহেদী মিরাজ। 

ইত্তেফাক/এসএস