আর্জেন্টিনার জার্সি পরা সেই যুবককে খুঁজছে পুলিশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:৪৯

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবককে গুলি ছুড়তে দেখা যায়। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তি কে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তাকে এখনো চিহ্নিত করা যায়নি। তার খোঁজ চলছে।

আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবককে গুলি ছুড়তে দেখা যায়। সংগৃহীত ছবি

ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা সেটি জানতে তদন্ত চলছে বলেও জানান বিপ্লব কুমার।

ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে একটি বাড়ির গেটের সামনে পুলিশভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন এক যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে।

ইত্তেফাক/এসকে